আলমডাঙ্গা-টু-কুষ্টিয়া প্রধান সড়কের শ্রীরামপুর কপাটে ব্রিজের কাছে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে একটি পূর্ণবয়স্ক মেছোবিড়াল। রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার প্রাণীটিকে স্থানীয়রা উদ্ধার করে একটি বাড়িতে আশ্রয় দেন।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বন বিভাগ এবং পানকৌড়ি ও জীববৈচিত্র্য-বায়োডাইভার্সিটি ইয়ুথ কানেক্ট (BYC)-এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের যৌথ উদ্যোগে আহত মেছোবিড়ালটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর রাতেই প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে প্রাণীটিকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রেখে বিশ্রামে রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে মেছোবিড়ালটিকে পুনরায় তার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

মেছোবিড়াল বাঘ নয়, এটি বিড়ালজাতীয় একটি মাঝারি আকারের বন্যপ্রাণী। জলাভূমি ও জলাশয়সংলগ্ন পরিবেশে বিচরণকারী এই প্রাণীটি বাংলাদেশের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। মেছোবিড়াল বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী সংরক্ষিত।

সড়কে বন্যপ্রাণীর চলাচলের সম্ভাবনা থাকলে চালকদের সতর্ক থাকা জরুরি। একটু সচেতনতা একটি বন্যপ্রাণীর জীবন বাঁচাতে পারে।