সাপ সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা, সর্পদংশন প্রতিরোধ এবং সাপে কাটলে করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে ফেনীর পরশুরামে শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক সেমিনার আয়োজন করেছে Wildlife And Snake Rescue Team In Bangladesh (WSRTBD)।
পরশুরামে কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারটিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এতে সাপের পরিচিতি, বাস্তুতন্ত্রে সাপের গুরুত্ব, সাপ সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা, সর্পদংশন প্রতিরোধ এবং সাপে কাটার পর প্রাথমিক করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারটি পরিচালনা করেন WSRTBD-এর সেক্রেটারি নাজরুল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের মধ্যে সাপ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি সাপের প্রতি অযথা ভয় ও বিদ্বেষ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনারে সর্পদংশনের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নেওয়া এবং যথাযথ চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সর্পদংশনের ক্ষেত্রে অবৈজ্ঞানিক ও ঝুঁকিপূর্ণ পদ্ধতি এড়িয়ে চলার বিষয়ে সচেতন করা হয়।
আয়োজকদের মতে, সাপ সম্পর্কে সঠিক ও বিজ্ঞানভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং সর্পদংশনজনিত প্রাণহানি কমাতে জনসচেতনতা বৃদ্ধি করা এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।
সেমিনার থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও কার্যকরভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা জানিয়েছে সংশ্লিষ্ট দলটি।