রংপুরের পীরগাছা উপজেলার লালদিঘি বাজারের পাশে ফাঁদ পেতে বাদুড় শিকারের চেষ্টা করছিলেন একদল শিকারি। স্থানীয় এক সচেতন যুবকের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান Wildlife And Snake Rescue Team In Bangladesh (WSRTBD)-এর পীরগাছা উপজেলা প্রতিনিধি নুর হাসান নাহিদ ও মাহমুদুল হাসান সোহেল।

পরে তাঁরা বিষয়টি সামাজিক বন বিভাগ, পীরগাছাকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বন বিভাগের কর্মকর্তা মো. জাহিদ হাসান।

এ সময় শিকারিরা ভবিষ্যতে আর কখনো পাখি শিকার করবেন না বলে লিখিত মুচলেকা দেন। পাশাপাশি শিকারে ব্যবহৃত সব সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

বন্যপ্রাণী শিকার, আটক, বন্দী করে রাখা এবং অবৈধ ক্রয়-বিক্রয় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এসব কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ।

বাদুড় প্রকৃতির গুরুত্বপূর্ণ একটি প্রাণী। প্রজাতিভেদে তারা পরাগায়ন, বীজ বিস্তার এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তাই বাদুড়সহ দেশীয় বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা ও স্থানীয় মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোথাও বন্যপ্রাণী শিকার, পাচার কিংবা অবৈধভাবে আটকে রাখার ঘটনা চোখে পড়লে নিকটস্থ বন বিভাগ, উপজেলা প্রশাসন অথবা সংশ্লিষ্ট বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।