বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণে কাজ করা সংগঠন Animal Rights BD-64-এর সভাপতি রাইমুন চৌধুরীর Acute Myeloid Leukemia (AML) শনাক্ত হয়েছে। তাঁর উন্নত চিকিৎসার প্রস্তুতির মধ্যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন বন্যপ্রাণী উদ্ধার, অভিযান ও এ-সংক্রান্ত কেস গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাইমুন চৌধুরী দীর্ঘদিন ধরে অসহায় প্রাণীদের সুরক্ষা, বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণে কাজ করে আসছেন। বর্তমানে তিনি নিজেই গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছেন এবং উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে সংগঠনটির কার্যক্রম সাময়িকভাবে সীমিত রাখতে হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন বন্যপ্রাণী উদ্ধার, অভিযান ও এ-সংক্রান্ত কেস গ্রহণ বন্ধ থাকবে। এ জন্য সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করেছে Animal Rights BD-64।
সংগঠনটির সভাপতি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের কাজে ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছে Animal Rights BD-64-এর টিম। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁর ও সংগঠনের সদস্যদের পাশে থাকার আহ্বান জানিয়েছে তারা।