চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনার নিচের অংশে বিজ্ঞানীদের চোখে ধরা পড়েছে এমন এক পোকা, যা আগে কখনো বিজ্ঞানের খাতায় নাম পায়নি। নতুন এই মেফ্লাই প্রজাতির নাম দেওয়া হয়েছে Ephemera primitiva। আন্তর্জাতিক প্রাণিবিজ্ঞান সাময়িকী Zootaxa-তে ৬ আগস্ট প্রকাশিত এক গবেষণায় প্রজাতিটির আনুষ্ঠানিক বর্ণনা দেওয়া হয়েছে। বাংলাদেশে Ephemera গণের কোনো প্রজাতির এটাই প্রথম আনুষ্ঠানিক নামকরণ।

গবেষণাটি করেছেন চীনের নানজিং নরমাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Changfa Zhou এবং একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক Shibly Sadique Shashi, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত কয়েক ধাপে ঝরনার নিম্নাংশ থেকে নমুনা সংগ্রহ করেন তারা। পানির নিচে বালি ও পাথুরে তলদেশে পাওয়া যায় এর অপরিণত রূপ বা নিম্ফ।

নতুন প্রজাতিটি ফ্যাকাশে হলুদ থেকে সোনালি রঙের; শরীর, ডানা, পা ও পেটে বাদামি থেকে গাঢ় দাগ রয়েছে। পূর্ণবয়স্ক পুরুষের দৈর্ঘ্য ১২ থেকে ১৫ মিলিমিটার, আর স্ত্রীর দৈর্ঘ্য ১৩ থেকে ১৫.৫ মিলিমিটার। শুধু বাহ্যিক গঠন নয়, দুটি পুরুষ নমুনার মাইটোকন্ড্রিয়াল COI ডিএনএ বিশ্লেষণ করে এশিয়ার আরও আটটি Ephemera প্রজাতির জিনগত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। সেই তুলনাতেই নিশ্চিত হওয়া গেছে, এটি সম্পূর্ণ আলাদা একটি প্রজাতি।

মেফ্লাইরা জীবনের বেশির ভাগ সময় পানির নিচে নিম্ফ অবস্থায় কাটায়। কয়েক মাস পর ডানাওয়ালা পূর্ণবয়স্ক হয়ে ওঠে, কিন্তু সেই জীবন টেকে মাত্র কয়েক দিন, যার মধ্যে তারা বংশবৃদ্ধি করে। মিঠাপানির খাদ্যশৃঙ্খলে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ অনেক জলজ প্রাণীর খাবার এরা। তাই নতুন প্রজাতির খোঁজ বাংলাদেশের মিঠাপানির জীববৈচিত্র্য বোঝার ক্ষেত্রে বড় একটি সংযোজন। উল্লেখ্য, দেশে মেফ্লাই নিয়ে গবেষণা এখনো খুব সীমিত, অথচ বাংলাদেশজুড়ে রয়েছে অসংখ্য নদী, ছড়া, ঝরনা ও জলাশয়, যেখানে আরও অনেক অজানা প্রজাতি লুকিয়ে থাকতে পারে।

তবে আবিষ্কারের আনন্দের পাশাপাশি উদ্বেগও জানিয়েছেন গবেষকেরা। পর্যটক বাড়ায় ঝরনা এলাকায় জমছে প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের বর্জ্য, যা ভেসে গিয়ে নিম্ফদের আবাস নষ্ট করতে পারে। প্রজাতিটির সংখ্যা কত, দূষণের প্রভাবই বা কতটা, তা জানতে আরও পর্যবেক্ষণ দরকার বলে মত তাদের। পর্যটন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ভালো করা গেলে এই নতুন অতিথিসহ পুরো জলজ পরিবেশই সুরক্ষা পাবে।